Published : 13 Jul 2026, 09:27 PM
রাজধানীর ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকার পানি নিষ্কাশনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করবে বলে তথ্য দিয়েছেন সংস্থার প্রশাসক আবদুস সালাম।
প্রকল্পটি বাস্তবায়ন হতে বছর দুয়েক সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, “এই বর্ষায় না হলেও আশা রাখি আগামী বর্ষায় আমাদের মেয়েরা-বোনরা এবং এই এলাকার জনগণের কিছুটা ভোগান্তি কমবে।”
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাবদ্ধতা পরিদর্শনে এসে ডিএসসিসি প্রশাসক বলেন, “ধানমন্ডি-নিউ মার্কেট এলাকার পানি বের হওয়ার রাস্তা ছিল বিডিআর এলাকার ভেতর দিয়ে। বিডিআর ট্র্যাজেডির পরে ওই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় (প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায়) জলাবদ্ধতা বেড়েছে।
“আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা প্রধানমন্ত্রীকে অবগত করলে তিনি সঙ্গে সঙ্গে এ বিষয়ে জোর দিয়েছেন। এখানে একটি নতুন প্রকল্প আমরা গ্রহণ করেছি; যেটা তিনি অনুমোদন দিয়েছেন।”
টানা বৃষ্টিতে গত রোববার তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। তীব্র জলাবদ্ধতায় সকাল থেকে কার্যত স্থবির হয়ে পড়ে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। জলাবদ্ধতা থেকে রেহাই মেলেনি নিউ মার্কেট, ধানমন্ডি হর্কাস মার্কেট এলাকারও। জলাবদ্ধতার কারণে ওইদিন নিউ মার্কেটের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। একদিন পর সোমবার আবার খোলে দোকানপাট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তাতেও তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। হলগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শহরের ড্রেনেজ ব্যবস্থার দুর্দশা এবং বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতার অভাবের বিষয়টি তুলে ধরে আবদুস সালাম বলেন, “গতকালও আমি পানির মধ্য দিয়ে যখন আসছিলাম ড্রেনগুলোর মধ্যে হাজার হাজার পলিথিন, এমনকি লেপ-তোষক ড্রেনে ঢোকানো ছিল। এখন আমাদের পানি নিষ্কাশনের রাস্তা একমাত্র ড্রেন ব্যবস্থা ছাড়া কিছু নেই। ঢাকা শহর অপরিকল্পিতভাবে বিকাশ হওয়ায় খাল-ড্রেন ভরাট হয়ে গেছে।”
ঢাকার খালগুলো উদ্ধারে নতুন পরিকল্পনার তথ্য দিয়ে তিনি বলেন, “এবার তাড়াতাড়ি বর্ষা চলে এসেছে। আমরা বর্ষার পর প্রতিটা খাল খনন করব। পানি নিষ্কাশণের জন্য বুড়িগঙ্গা বা শীতলক্ষায় পানি নেওয়ার পরিকল্পনা আগে নেওয়া হয়নি। এবার আমরা সে কার্যক্রম শুরু করব।”
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির নানা পদক্ষেপ তুলে ধরে প্রশাসক বলেন, “কোথায় ডেঙ্গুর প্রকোপ বেশি হয় তা জরিপ করে চিহ্নিত করা হয়েছে। সেসব স্থানে পানি জমে যাতে লার্ভা সৃষ্টি হতে না পারে, সেই চেষ্টা চলছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দুটি মশকনিধন যন্ত্র দেওয়ারও ঘোষণা দেন প্রশাসক।