০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সেলিম রায়হান

আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 07:23 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন।

ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। মঙ্গলবার সংস্থার ১২৮তম বোর্ড সভায় তাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, সেলিম রায়হান আগামী তিন বছর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক ও গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির অ্যালামনাই।

বোর্ডের অন্যান্যরা হলেন- মানবাধিকার কর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’ এর উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী, চেয়ারপারসন এবং দ্য ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম।

সদস্যরা হলেন- অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।