মাইলস্টোন ট্রাজেডি: ‘হতাহত পরিবারগুলোর দরকার কাউন্সেলিং’
বাবা-মায়েরা সন্তানদের স্মৃতিচারণ করে বিলাপ করছেন; কেউ শোকে মূর্ছা যাচ্ছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ছোট শিশুদের পুড়ে অঙ্গার হওয়ার হৃদয়বিদারক দৃশ্য যেন সইতে পারছেন না কেউই।
দুর্ঘটনার পর আগুনে দগ্ধ শিশুদের ছটফটানি, হাসপাতালে চিৎকারে ভারি হয়ে উঠছে চারপাশ। সেইসঙ্গে পুরো পরিবার মাতিয়ে রাখা শিশু সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। কোনোভাবেই থামছে না তাদের আহাজারি।
বাবা-মায়েরা সন্তানদের স্মৃতিচারণ করে বিলাপ করছেন; কেউ শোকে মূর্ছা যাচ্ছেন।
আহত শিশু-কিশোর আর হতাহতদের পরিবারের সদস্যদের এমন মানসিক বিপর্যয়ের পরিস্থিতি থেকে উত্তরণে কাউন্সেলিংয়ের কথা বলছেন মনোবিজ্ঞানের শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী বলছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় ‘পুরো দেশ ট্রমাটাইজড’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা তাদের সন্তান হারিয়েছেন, যে অভিভাবকদের সন্তানরা মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালগুলোতে, আর যে শিশুগুলো বেঁচে গেছে, তারাসহ সবাই বিভিন্ন মাত্রায় ট্রমাটাইজড। তাই এ ট্রমা থেকে তাদেরকে বের করতে না পারলে চরম বিপর্যয়ের মধ্যে পড়বে দেশ।
“বাংলাদেশে সেই উন্নত চিকিৎসা পদ্ধতি নেইও, যেখান থেকে বেশি পুড়ে যাওয়াদের বাঁচিয়ে নিয়ে আসা আসলেই খুব কঠিন। ধরে নিচ্ছি যে আরও অনেকেই প্রাণ হারাবেন। এই মানবসৃষ্ট দুর্যোগের ফলে যারা সারভাইভার এবং যারা প্রত্যক্ষদর্শী সবাই দারুণভাবে মানসিকভাবে আঘাত পান, যেটাকে আমরা বলছি ট্রমা। ঠিক এখানেও এই মানুষগুলো স্বাভাবিকভাবে ট্রমাটাইজড হবেন। এই মুহূর্তেই হয়ত সেটা প্রকাশ হবে না। সময়ের সাথে সাথে আসবে।”
অধ্যাপক কামাল বলেন, ‘ট্রমার যে লক্ষণ সিম্পটমগুলো তৈরি হবে, মানসিক যে লক্ষণগুলো আসবে সেগুলো কিন্তু হঠাৎ করে এখনই আসবে না। এখন এক ধরনের, মানে শক যেটাকে আমরা বলি, ঘটনার পরবর্তীতে একটা শক, এই শক মোমেন্টে আছে সবাই।”
ঘটনার প্রত্যক্ষদর্শী, আহত ও হতাহত পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কামাল বলেন, “আমরা যারা প্রফেশনাল আছি, আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমরা টিম তৈরি করব, যে টিম প্রয়োজনে বাড়িতে গিয়ে সেবা দিবে।
“পাশাপাশি উত্তরার এই ঘটনার যারা সারভাইভার ও ট্রমাটাইজড হয়েছে, তাদের জন্য আলাদা একটা সেবা কেন্দ্র তৈরি করা যেতে পারে। সরকারের অধীনে যে স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে সেখানেও হতে পারে।”
তিনি বলেন, “কাউন্সিলিংয়েরও কিছু মাত্রা আছে তা মেনে না দিলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তাই মানসিক অবস্থা বুঝে মানসিক সেবা দিতে হবে।”
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে, যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
মাইলস্টোনের শিক্ষার্থীরা বিমান বিধ্বস্তের ঘটনার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছে। কলেজ ক্যাম্পাসে চিৎকার, আহাজারির দৃশ্য খুব কাছ থেকে দেখেছে। দুর্ঘটনার ছবি-ভিডিও ছড়িয়েছে অনলাইনেও।
মর্মান্তিক এ ঘটনার প্রত্যক্ষদর্শী, আহত শিক্ষার্থী ও হতাহত পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য ও পরিস্থিতির উন্নয়নে সরকার ও পেশাজীবীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের মেডিকেলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা জরুরি (এমওইউ) করলে আমরা কাজে নেমে পড়ব। সরকারের শারীরিক সেবার পাশাপাশি এ মুহূর্তে এটাও (মানসিক স্বাস্থ্য) গুরুত্বের সঙ্গে দেখা উচিত।”
