২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে যাওয়ার পথে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক দুই শিশুর উপর উল্টে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 05:21 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

রাজধানীর কদমতলীতে ইজিবাইকের চাপায় এক শিশু শিক্ষার্থী মারা গেছে; এ ঘটনায় আরেক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার সকালে জুরাইন আশরাফ আলী মাস্টার স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানান।

নিহত মারিয়া আক্তার (৭) ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক সজীব বলেন, সকাল পৌনে ৮টার দিকে দাদীকে নিয়ে মারিয়া স্কুলে যাচ্ছিল। তাদের সঙ্গে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাইজা আকতারও ছিল।

"রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক হঠাৎ করে দুই শিশুর উপর উল্টে পড়ে। এতে দুজনই গুরুতর আহত হয়।"

তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মারিয়ার এক বড় বোন রয়েছে। বাবা মারা যাওয়ার পর তার মা আরেকটি বিয়ে করেন। বাবার সঙ্গেই তারা থাকে।

ইজিবাইকটি আটক করে চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।