১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। ‘তাৎপর্যপূর্ণ’ রাতটিতে মুসলমানরা ইবাদতে কাটিয়ে দেন।

শবে বরাত ১৪ ফেব্রুয়ারি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

বাংলাদেশে এ বছর শবে বরাত পালিত হবে ১৪ ফেব্রুয়ারি রাতে।

বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। 

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও এদিন ১৪৪৬ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে শুক্রবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শাবান মাস গণনা শুরু হবে শনিবার। অর্থাৎ, শবে বরাত পালিত হবে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত বা ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। ‘তাৎপর্যপূর্ণ’ রাতটিতে মুসলমানরা ইবাদতে কাটিয়ে দেন।

শবে বরাত রমজানের বার্তাও নিয়ে আসে। সাধারণত এই রাতের ১৫ দিনের মাথায় শুরু হয় সিয়াম সাধনার মাস।

শবে বরাত ঘিরে দিনটিতে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ নানা ধরনের খাবার তৈরির প্রচলন আছে। এসব খাবার দুঃস্থ-গরিবদের মাঝে বিতরণের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতে বাড়িতেও কেউ কেউ পাঠান।

বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ফলে এবার সেই ছুটি হবে ১৫ ফেব্রুয়ারি।