শামসুদ্দোহার বিরুদ্ধে করা দুই মামলা বিচারের জন্য প্রস্তুত
অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ২০ ফেব্রুয়ারি।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে করা দুর্নীতির দুটি মামলা বিচারের জন্য প্রস্তুত করে আদালতে পাঠানো হয়েছে।
আগামী ২০ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হওয়ার তথ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক আমির হোসেন।
তিনি বলেন, সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব মামলাটি ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে বদলি করেন। দুটি মামলার একটিতে তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালে শামসুদ্দোহা ও স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সত্যতা পায় দুদক।
২০১৯ সালে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়। গত বছরের ২ জুলাই আদালতে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম দুটি অভিযোগপত্র দেন।
এক মামলার অভিযোগপত্রে বলা হয়, শামছুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে সম্পদ গোপন, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ এবং বিভিন্ন ব্যাংকে ‘অস্বাভাবিক’ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
আরেক মামলার অভিযোগপত্রেও শামছুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলে দুদক।
১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন শামসুদ্দোহা। ২০১১ সালে অতিরিক্ত আইজিপি থাকাবস্থায় তাকে প্রেষণে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার।
দায়িত্ব পাওয়ার পর তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এরপর ২০১৫ সালে তাকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অবসরে যান ২০১৬ সালের ৩ মার্চ।
