২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে অনুপ্রবেশকারী ‘জঙ্গিরা’ কাছ থেকে গুলি করে: কাদের

“সহিংসতা এই মুহূর্তে দৃশ্যত স্বাভাবিক মনে হলেও এই জঙ্গি গোষ্ঠীর নীরবতা তাদের পুনঃআক্রমণের পূর্ব প্রস্তুতি হতে পারে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 04:47 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

কোটা সংস্কার আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পেছনে ‘জঙ্গিযোগ’ দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, “আমাদের কাছে যতটা খবর আছে, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে জঙ্গিরা অনুপ্রবেশ করেছে। খুব কাছ থেকে অনেককে গুলি করে। সেখানে হতাহতের ব্যাপারটা…এটাও আমাদের ভাবতে হবে। আন্দোলনে ঢুকে গিয়ে কাছে থেকে গুলি করে এমন ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে খবর আছে।"

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, "আন্দোলন দেখতে গিয়ে শিশু মারা গেছে, গুলি খেয়ে, গুলিটা কোথায়? মাথায়। জানালা দিয়ে তাকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গিয়ে মারা গেছে, গুলিটা কোথায়? মাথায়। এই বিষয়টি আপনাদের দেখতে হবে। তদন্ত চলা অবস্থায় আমরা প্রভাবিত করতে পারি না। তবে এটা উন্মোচিত হওয়া দরকার।"

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "যে সহিংস কর্মকাণ্ড চলেছে, এখানেই যে তার শেষ- তা এই মুহূর্তে বলা যায় না। সহিংসতা এই মুহূর্তে দৃশ্যত স্বাভাবিক মনে হলেও এই জঙ্গি গোষ্ঠী যে নীরবতায় এখন- এই নীরবতা তাদের পুনঃআক্রমণের পূর্ব প্রস্তুতি হতে পারে৷

"সহিংসতা প্রতিরোধে আওয়ামী লীগ সতর্ক রয়েছে। এখনো আমাদের যারা জনপ্রতিনিধি, তারা সতর্ক আছে। সারা বাংলাদেশে আমরা তাদেরকে সতর্ক থাকতে বলেছি।"

আন্দোলনকারীদের ওপর গুলি ছুঁড়তে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের নির্দেশনা সরকার দেয়নি দাবি করে তিনি বলেন, "দেখামাত্র গুলির বিষয়ে ভুল বার্তা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশনা কখনো দেওয়া হয়নি।

“সেনাবাহিনী একটা গুলি ছুঁড়েছে-এই বিষয়ে কোনো খবর আমাদের জানা নেই। তার পরও তদন্ত চলছে, এর মাধ্যমে সঠিক ঘটনা বেরিয়ে আসবে।”

নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, "এখন দেশের বেশিরভাগ জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটা বজায় রাখতে যার যার এলাকায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।"

‘ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল’

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক ভূমিকা নিয়ে ওবায়দুল কাদের বলেন, “ড. মুহাম্মদ ইউনূস একটি বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। এ ধরনের বিবৃতি বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এটা আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন।

"ড. ইউনূসের বিরুদ্ধে যখন মামলা চলমান, তখন তিনি এ ধরনের কার্যক্রম করছেন, যা ষড়যন্ত্র। এ থেকেই বোঝা যায়, চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য তিনি এ ধরনের ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।"

মুহাম্মদ ইউনূস বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "তার এই কার্যক্রম বেআইনি। তার এ আহ্বান বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছোট করেছে। দেশকে তিনি খাটো করেছেন। তিনি একজন নোবেলজয়ী, তার পক্ষে কি এটা শোভা পায়?"

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।