ইমন হত্যা: পল্লবীর আরও দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গত ৪ অগাস্ট বিকেলে মিরপুর ১০ নম্বর বাস স্ট্যান্ডের কাছে গুলিতে নিহত হন ইমন হোসেন আকাশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মিরপুরে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন জনি।
শনিবার রাতে পল্লবী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার এক বর্তায় জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
নিহত ইমনের মা গত ২৭ অগাস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। এজাহারে বলা হয়, গত ৪ অগাস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নম্বর বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন ইমন।
অভিযোগে বলা হয়, সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাতাড়ি গুলি শুরু করে ‘আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা’। গুলিতে গুরুতর আহত ইমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, মামলাটির তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে ওই ঘটনায় জড়িত এবং মামলার এজাহারভুক্ত আসামি দ্বীন ইসলাম ও আকবর হোসেন জনিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩ অক্টোবর ইমন হত্যা মামলায় পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।
