১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিতর্কমুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে চাই: শারমীন এস মুরশিদ

দুর্নীতি দমন এবং কৃচ্ছ্রসাধনের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “এমন কাজ কেন করব যে, দেশ থেকে পালাতে হবে?”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 09:00 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

বিতর্কমুক্ত সত্যিকারের ভোটের পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে দুই মন্ত্রণালয়ের নেওয়া ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোট না দিয়ে সরকার এনে তাদের বলেন নির্বাচিত সরকার। আমরা কোনো তথাকথিত সরকার নই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে আমরা একটি বিতর্কমুক্ত সত্যিকারের ভোটের পরিবেশ তৈরি করতে চাই।

এ সময় এক প্রশ্নে উপদেষ্টা বলেন, “একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে যে সময় লাগবে তারচেয়ে একদিনও বেশি আমরা ক্ষমতায় থাকব না বা আপনারা যখন মনে করবেন আমাদের প্রয়োজন নেই, সে পর্যন্ত আমরা থাকব। আমাদের লক্ষ্য জাতিকে একটি নির্ভুল নির্বাচন উপহার দেওয়া।”

বৈষম্যবিরোধী আন্দেলনে তরুণদের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ উপদেষ্টা বলেন, “২০২৪ সালে আমাদের সন্তানদের আত্মত্যাগ ভোলা যায় না। একাত্তরের মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এরা। একাত্তরে অন্যায় হয়েছিল, তার বিরুদ্ধে বীর বাঙালি রুখে দাঁড়িয়েছিল। 

“২০২৪ সালেও অন্যায় হয়েছে এবার আমাদের সন্তানরা রুখে দাঁড়িয়েছে। তাদের বুকের তাজা রক্তের বিনিময় এক নতুন বাংলাদেশ দিয়ে গেছে।”

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, “আমরা স্বচ্ছতা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করব। বির্নিমাণ না হলে নির্মাণ করা যায় না। মেরামত সংস্কার ও পুনর্গঠন করতেই হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা শুরু করতে হবে।”

দুর্নীতি দমন এবং কৃচ্ছ্রসাধনের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, “এমন কাজ কেন করব যে, দেশ থেকে পালাতে হবে?”

এক প্রশ্নে উপদেষ্টা বলেন, “মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে, কোনো কাজই বন্ধ থাকবে না। তরুণদের সুস্থ করে মূল ধারায় নিয়ে আসতে হবে। তাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম শেখ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন।