মণ্ডপে দায়িত্বরত পুলিশের ‘গুলি চুরি’: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
ভোরে ঘুম থেকে উঠে পুলিশ সদস্যরা দেখেন, তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও গুলি নেই।
ঢাকার বাড্ডায় পূজামণ্ডপে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের মোবাইল ফোন, টাকা, ব্যাগ ও গুলি চুরির ঘটনায় গ্রেপ্তার তিনজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বুধবার তাদের রিমান্ডের আদেশ দেন।
ওই তিনজন হলেন- মো. রফিকুল ইসলাম রিপন, মো. জিসান ও অলক চন্দ্র দাস।
প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. নাজিম উদ্দিন তাদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক দুই দিন রিমান্ডের আদেশ দেন।
পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্বপালন করা পুলিশ সদস্যদের মালামাল চুরির অভিযোগে মঙ্গলবার বাড্ডা থানায় মামলা করেন পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ। এদিন রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, সোমবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এসআই মোবাসশীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য বাড্ডার পূর্ব মেরুলে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দিরের পাশে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের আরেকটি দল পূজামণ্ডপের উত্তর-পশ্চিমে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন। সেখানে তাদের অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য জিনিসপত্র ছিল।
এজাহারে বলা হয়, ভোর সাড়ে ৫টায় এক আনসার সদস্য ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল ফোন নেই। পরে অন্যরা মালামাল চেক করে দেখেন দুটি স্মার্টফোন, একটি বাটনফোন, একজনের মানিব্যাগ, আরও চারটি ব্যাগ ও ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে। পরে তাৎক্ষণিক অনুসন্ধানে সকাল সোয়া ১০টার মধ্যে ৩০ রাউন্ড গুলিসহ চারটি ব্যাগ উদ্ধার করা হয়।
