সাত বছর আগে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন
রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে আবেদনটি করেন একরামুল হক নামে এক আইনজীবী।
সাত বছর আগে সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের সময় ‘হত্যাচেষ্টার’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, যিনি এখন আইনজীবী হিসেবে কর্মরত।
মো. একরামুল হক নামে এই আইনজীবী রোববার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলামের আদালতে আবেদনটি করেন।
তার জবানবন্দি গ্রহণ করে এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) আছে কি না, আগামী সাত কার্যদিবসের মধ্যে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
নিম্ন আদালতে কাজ করা এই আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
মামলায় আরও যাদের আসামি করার জন্য আবেদন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন-সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত রহমান, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, পুলিশের সাবেক আইজি জাবেদ পাটোয়ারী, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, রমনার সাবেক ডিসি সাজ্জাদুর রহমান, শাহবাগ থানার সাবেক ওসি আবুল হাসান।
মামলার আবেদনে একরামুল বলেছেন, ২০১৮ সালের মার্চ-এপ্রিলে যখন সরকারি চাকরির কোটা বাতিলের আন্দোলন শুরু হয় তখন তিনি ঢাকা বিশ্বদিল্যায়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
কোটা পদ্ধতির কারণে মেধাবী ছাত্রদের জন্য লেখাপড়া শেষ করে সরকারি চাকুরী পাওয়া দুরূহ হয়ে পড়ে। কোটা পদ্ধতি বাতিল করার জন্য ছাত্ররা বিভিন্নভাবে তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে অনুরোধ এবং কখনো কখনো চাপ সৃষ্টি করতে থাকে।
সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল-সমাবেশে ‘ছাত্রলীগের ক্যাডার বাহিনী শেখ হাসিনাসহ আসামিদের মদদে হামলা চালায়’। ধারাল অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে শিক্ষার্থীদের ‘মারাত্মকভাবে আহত’ করে। রাতে বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে সাধারণ ছাত্রদের শনাক্ত করে ‘বেদম মারধর করে’।
তিনি অভিযোগ করেন, সে বছর ২০ মে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পড়ালেখা করে ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে নিয়ে ‘রাজাকারের বাচ্চা বলে উপর্যুপরি কিল, ঘুষি, লাথি মারতে থাকে’। নির্যাতনে তিনি ‘জ্ঞান হারিয়ে ফেলেন’। এ ঘটনায় ‘দিশেহারা’ হয়ে এক পর্যায়ে তিনি হল ছেড়ে ‘অসুস্থ অবস্থায়’ গ্রামের বাড়ি চলে যেতে বাধ্য হন। পরবর্তী সময় আবারও হলে ফিরে এলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে শিক্ষার্থীদের মারধর ও হয়রানি করা হয়।
২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আবার শিক্ষার্থীরা মাঠে নামে। ঘটনা প্রবাহে সেই আন্দোলন অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।
আন্দোলন দমন নিপীড়নের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ কয়েকজন নেতার বিরুদ্ধে ‘হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে কয়েকশ মামলা হয়েছে। এছাড়াও আগের বিভিন্ন ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।
