জ্বালানি বিভাগকে বিনামূল্যে উপস্থিতির সফটওয়্যার দিল সৌদি কোম্পানি
“যদি সিস্টেমটি সফলভাবে এবং ধারাবাহিকভাবে কাজ করে, তাহলে এটি অন্যান্য সরকারি খাতে ‘একটি মডেল’ হিসেবে কাজ করতে পারে,” বলেন উপদেষ্টা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সঠিক ও স্বচ্ছ ট্র্যাকিং নিশ্চিত করতে ‘ট্রুপ্রেজেন্স’ নামের একটি সফটওয়্যার দিয়েছে সৌদি কোম্পানি এসডিএম।
বৃহস্পতিবার ঢাকার বিদ্যুৎ ভবনে নতুন সফটওয়্যারটি উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। সঙ্গে ছিলেন এসপিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জাসহ একটি সৌদি প্রতিনিধি দল।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘ট্রুপ্রেজেন্স' সিস্টেমটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে সব সংস্থা এবং কোম্পানিতে বাস্তবায়নের জন্য পরিকল্পনা করা হয়েছে। যদি সিস্টেমটি সফলভাবে এবং ধারাবাহিকভাবে কাজ করে, তাহলে এটি অন্যান্য সরকারি খাতে ‘একটি মডেল’ হিসেবে কাজ করতে পারে।
সফটওয়্যার চালুর ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সৌদি আরবের নিবন্ধিত কোম্পানি এসডিএম সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপদেষ্টা।
এসডিএমর প্রধান নির্বাহী কর্মকর্তা সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বলেন, “সফটওয়্যারটির উন্নয়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে সহযোগিতা করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে। সফটওয়্যারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করবে যা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।”
বাংলাদেশে সৌদি আরবের শার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, “বিশ্বব্যাপী মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ডেটা সুরক্ষা এবং ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে এ সফটওয়্যার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এছাড়া, মন্ত্রণালয় পর্যায়ে রিয়েল-টাইম ওভারভিউ এবং রিপোর্টিং এর কাজে এ সফটওয়্যার সহায়ক হবে।”
জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এই উদ্যোগটি বাস্তবায়নে সরকারের কোনো আর্থিক খরচ হয়নি। একটি নিরাপদ ও দক্ষ উপস্থিতি ব্যবস্থাপনার সমাধানের জন্য এ উদ্যোগটি গ্রহণ করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মরত কর্মকর্তাদের দৃঢ় সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সিস্টেমটি এখন সফলভাবে চূড়ান্ত করা হয়েছে।
“সফটওয়্যারটির মূল উন্নয়ন কাজ বাংলাদেশি ডেভেলপারদের দিয়ে পরিচালিত হচ্ছে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামো দেবে।”
