২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ শিশুসহ ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১২ জন

মে মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৫১৭ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 08:20 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ডেঙ্গু নিয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ শিশুসহ আরও ১২ জন; এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন এলাকা এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এসব রোগী শনাক্ত হয়েছে।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি পাঁচ শিশুর বয়স শূন্য থেকে ১০ বছরের মধ্যে।

১২ জনের মধ্যে ঢাকা মহানগর এলাকার হাসপাতালগুলোতে ভর্তি নিয়ে হয়েছেন পাঁচজন। আর ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে তিনজন এবং বরিশালে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২৬ জনে, যাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬০ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬২।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুজন। 

মে মাসের ২৪ দিনে ৫১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। এ বছরেই সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।