২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারির রিকশা: আগারগাঁওয়ে অবরোধ, ডিএমপিতে বৈঠক

ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দল ঢাকার পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 01:19 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে ষষ্ঠ দিনের মত সড়কে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা আগারগাঁওয়ের সড়কে অবস্থান নেওয়ায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে বলে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানিয়েছেন।

তিনি বলেন, "আগারগাঁও মেট্রো স্টেশনের কাছে সড়কের দুই পাশ আটকে অবস্থান করছেন রিকশা চালকরা। তাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।"

এদিকে ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকদের একটি প্রতিনিধি দল ঢাকার পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছেন।

বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গত মঙ্গলবার উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ আসে।

প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর পরদিনই ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল অব্যাহত রাখার দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালকরা।

বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধসহ মিরপুর, মালীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ' আয়োজিত এক সমাবেশ থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনাসহ লাইসেন্স ও রুট পারমিট দিতে নীতিমালার বিষয়ে সুরাহা করতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে 'গণঅবস্থান' কর্মসূচি পালন করার পাশাপাশি মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় সড়ক আটকে বিক্ষোভ দেখান রিকশা চালকরা। যাত্রাবাড়ী এলাকায় চালকদের বিক্ষোভ থেকে বেশ কয়েকটি যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে।

গত মে মাসে ঢাকার সড়কে ব্যাটারিচালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। দুর্ঘটনার জন্য সড়কে মোটরবাইক এবং ইজিবাইকের চলাচলকে দায়ী করেন তিনি।

সে সময় ঢাকার সাবেক দুই মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলামও শহরের মধ্যে এসব ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছিলেন।

পরে ওই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ করেন চালকরা ও গ্যারেজ মালিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংক্ষুব্ধ চালকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।

পরে ‘জীবিকার’ বিষয়টি বিবেচনায় এনে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করবে পারবে বলে ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।