২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমপিতে আরও রদবদল, ডিবিতে বিপ্লব

এর আগে পৃথক অফিস আদেশে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার তথ্য আসে।

ডিএমপিতে আরও রদবদল, ডিবিতে বিপ্লব
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 09:30 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও তিন যুগ্ম কমিশনার পদে রদবদল করা হয়েছে। 

এর মধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সই করা অফিস আদেশে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তার রদবদলের বিষয়টি জানানো হয়ছে। 

যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা- দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন্স) হিসেবে বিপ্লব সরকারের স্থলাভিষিক্ত করা হয়েছে।

এর আগে পৃথক আরেকটি অফিস আদেশে ডিএমপির ‘আলোচিত’ অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) হিসেবে বদলি করা হয়। আর ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।

ডিএমপির ছয়জন অতিরিক্ত কমিশনারের (ডিআইজি পদমর্যাদার) মধ্যে হারুন সর্বকনিষ্ঠ। অন্য পাঁচজনের মধ্যে তিনজন বিসিএস ১৭ ব্যাচের ও দুইজন বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। হারুন ২০তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে নিয়োগ পান। 

ডিএমপিতে যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) আছেন ১৬ জন। এর মধ্যে বিসিএস ২০ ব্যাচের দুইজন, ২১ ব্যাচের তিনজন, ২২ ব্যাচের পাঁচজন ও ২৪ ব্যাচের ছয়জন কর্মকর্তা রয়েছেন। 

বিপ্লব কুমার সরকার বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা।