Published : 11 Jul 2026, 10:51 PM
আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে গঠনমূলক সম্পর্ক বাড়ানোর কথা বলেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল।
এজন্য সার্ককে সচল করার আহ্বান জানিয়েছেন কমিউনিস্ট পার্টি অব নেপালের এই কো-চেয়ারম্যান।
শনিবার ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনে ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ আয়োজিত মানবাধিকার সম্মেলনে কথা বলছিলেন মাধব কুমার।
তিনি বলেন, "দক্ষিণ এশিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই একযোগে কাজ করতে পারলে বিশ্ব দরবারে এ অঞ্চলের ভাবমূর্তি আরও সমুন্নত হবে।
"সার্ককে পুনরায় সক্রিয় করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানাই। তাই আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বাড়ানো প্রয়োজন।"
সার্কের স্থবিরতার চিত্র তুলে ধরে নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "আমরা আজ এমন এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি, যার সূত্রপাত হয়েছিল বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে। ইসলামাবাদে যখন সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, তার ঠিক আগ মুহূর্তে সদস্য দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও দুর্ভাগ্যবশত সেই শীর্ষ সম্মেলনটি বাতিল হয়ে যায়। আর দুঃখের বিষয় হলো, সেই সময় থেকেই সার্ক এক প্রকার অচল ও নিষ্ক্রিয় হয়ে রয়েছে।"
সম্মেলনে অন্যদের মধ্যে ভারতের সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আলী শাহ, মালদ্বীপের বিচার বিভাগীয় প্রধান আমজাদ মোস্তফা এবং মালদ্বীপ পুলিশ বোর্ডের চেয়ারম্যান আহমদ শরীফ বক্তব্য দেন।