১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দের নির্দেশ

‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে তারিক আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা রয়েছে দুদকের।

তারিক সিদ্দিকের মেয়ে বুশরার আয়কর নথি জব্দের নির্দেশ
বুশরা সিদ্দিক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আয়কর নথি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন।

এতে বলা হয়, বুশরা সিদ্দিকের বিরুদ্ধে দুদকের একটি মামলা তদন্তাধীন। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, তিনি একজন আয়করদাতা। আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন। এজন্য এ আসামির আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার জন্য সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ প্রয়োজন।

সরকার পতনের পর ২০০৯ সাল থেকে শেখ হাসিনা সরকারের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদের বিরুদ্ধে ‘অবৈধ সম্পদ অর্জনসহ’ বেশ কয়েকটি অভিযোগের তদন্ত শুরু করে দুদক।

পরে ১৭ জুলাই ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে তারিক আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করার তথ্য দেয় সংস্থাটি।

এছাড়া তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলাও করেছে সংস্থাটি।

এর আগে গত ২৮ জানুয়ারি তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। ২৯ এপ্রিল তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং দুই মেয়ে বুশরা সিদ্দিক ও নুরিন তাসমিয়া সিদ্দিকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পরে ১৪ মে তাদের ১৩টি ব্যাংক হিসাবের ছয় কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

এছাড়া তাদের ২৪ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।

'অবৈধ সম্পদ': তারিক আহমেদ সিদ্দিক পরিবারের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

তারিক সিদ্দিকীর দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বসুন্ধরা চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

তারিক সিদ্দিক ও পরিবারের ২৪ বিঘা জমিসহ প্লট-ফ্ল্যাট জব্দ

তারিক আহমেদ সিদ্দিকের দুর্নীতির অনুসন্ধানে দুদক

‘দুর্নীতির অভিযোগে মাল্টার নাগরিকত্ব পাননি’ তারিক সিদ্দিকের স্ত্রী ও মেয়ে

টিউলিপ ও তার চাচার পরিবারের অবৈধ সম্পদের খোঁজে দুদক

বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি: তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলা