হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ
এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০টি অভিযোগ করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কলেজছাত্র শেখ ফাহমিন জাফরকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ জমা পড়েছে।
এ অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হকসহ ৩৬ জনের নাম রয়েছে।
নিহত ফাহমিন জাফরের মা কাজী মাখমিন শিল্পী বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ১০টি অভিযোগ করা হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার আন্দোলনের মধ্যে গুলিতে হত্যা ও আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তিনটি অভিযোগ জমা পড়েছিল।
ঢাকা ও ঢাকার বাইরের হতাহতের ঘটনায় এ তিনটি অভিযোগ করা হয়।
বুধবার ফাহমিনের মায়ের অভিযোগে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় ১৮ জুলাই ফাহমিন গুলিতে নিহত হন। উত্তরার আজমপুরের এ বি সুপার মার্কেটের সামনে সেদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টার মধ্যে ওই ঘটনা ঘটে।
১৮ বছর বয়সি শেখ ফাহমিন জাফর টঙ্গী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
