র্যাবের ডিজি শহিদুর রহমানের বিদায়
নতুন কাউকে এখনো ওই দায়িত্ব দেওয়া হয়নি।
চব্বিশের অভ্যুত্থানে সরকার পতনের পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকের দায়িত্ব নেওয়া এ কে এম শহিদুর রহমান চুক্তির মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
রোববার পুলিশ সদর দপ্তর থেকে বিদায় জানানোর পর তার সর্বশেষ কর্মস্থল র্যাব থেকেও বিদায় জানানো হয়। তবে নতুন কাউকে এখনো ওই দায়িত্ব দেওয়া হয়নি।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “ডিজি শহিদুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজই শেষ হয়। শেষ দিন তিনি সর্বশেষ দরবারে অংশ নেন। পরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।”
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপরেশন) কর্নেল ইফতেখার আহমেদকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ইন্তেখাব চৌধুরী জানান।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত আইজি শহিদুর রহমানকে ওই বছর ৭ অগাস্ট র্যাবের মহাপরিচালক করা হয়।
বিসিএস দ্বাদশ ব্যাচের এই কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হলে অন্তর্বর্তী সরকার ওই বছরেই তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে র্যাবের ডিজি পদে রেখে দেয়। পরে গত বছর তার মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, “শেষ ছয় মাস মেয়াদের শেষ কর্মদিবস ছিল আজ। আমরা আজই তাকে বিদায় জানালাম।”
