২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে মিছিল: আওয়ামী লীগের ৬ নেতাকর্মী দুই দিনের রিমান্ডে

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 08:15 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ঢাকার মিরপুরে পাইকপাড়া এলাকায় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেপ্তার এই ছয়জনকে রিমান্ডে চেয়ে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া এ আসামিরা হলেন- পাবনার সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. জুয়েল রানা, চট্টগ্রামের ইসলামিয়া কলেজের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগকর্মী আল নোমান সাইফ, যুবলীগ কর্মী মো. জুলহাস, ছাত্রলীগকর্মী ইমন হোসেন খান মানিক, আওয়ামী লীগ কর্মী মো. সাগর হোসেন ও ওহিদুল ইসলাম সুমন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “এদিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই জালাল উদ্দিন।” 

তিনি বলেন, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের এক নম্বর ফটকের সামনে আওয়ামী লীগ ও তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ, ‍যুবলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে। তাদের মুখে মাস্ক পরা ছিল। 

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছয়জনকে আটক করা হয়। সেদিনই মিরপুর মডেল থানায় মামলা করে পুলিশ। 

শুক্রবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

সে আবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে দেশের ‘আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য এবং বড় ধরনের অঘটন ঘটানোর’ উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। পাশাপাশি তারা সমাবেশ আয়োজনের চেষ্টা করছিলেন। 

আসামিরা দেশের ‘অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড’ চালাতে ঘটনাস্থলে মিলিত হয় এবং মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল বের করে। 

এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার ও তাদের মদদদাতা বিষয়ে তথ্য পেতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করা প্রয়োজন।

এদিন দুপুরেও রাজধানীর বাংলা মোটরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। মিছিলের পর একটি বাইকসহ ছয়জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

ছাত্র-গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্যদলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।

আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়াম লীগ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে মাঝেমধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও করা হয়।

৭ সেপ্টেম্বর সংসদ ভবন এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সেদিনই ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক থেকে।

একদিন আগে ৫ সেপ্টেম্বর তেজগাঁও নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানার নিয়ে মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

এছাড়া ৩১ অগাস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।

এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।