Published : 10 Aug 2025, 06:02 PM
ঢাকার হাতিরঝিলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় পালক বাবা নুরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. হাসিবুজ্জামান।
আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ ভুলু মিয়া জানান, এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল জলিল।
আসামির পক্ষে মোহাম্মদ মাসুম খান জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
হাতিরঝিলের পেয়ারবাগ এলাকায় ১৭ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গত ৮ জুলাই থানায় মামলা করেন তার মা। এরপর শনিবার রাত সাড়ে ৭টার দিকে হাতিরঝিলের ওয়্যারলেস এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগীর ৪-৫ মাস বয়সে মা মারা যায়। এরপর থেকে শিশুটিকে নুরুল ইসলামের স্ত্রী লালন-পালন করে আসছেন। গত ৩ জুলাই রাতে শিশুটিকে ধর্ষণ করে নুরুল ইসলাম। পরে বিষয়টি পালক মাকে জানায় ভুক্তভোগী।