২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার আইনজীবীর, ব্যবসায়ীকে আইনি নোটিস

আট আইনজীবীর পক্ষে সোলায়মান তুষার ইমেইলে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার ও দুদক চেয়ারম্যানকে এই নোটিস দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 08:36 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

‘আদালতকে ম্যানেজ করে পক্ষে রায় আনার’ বিনিময়ে পাঁচ কোটি টাকা দেওয়ার কথা বলায় ব্যবসায়ী কে এম সোহেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিস পাঠানো হয়েছে। 

অন্যদিকে সোহেলের কাছ থেকে এ ধরনের কোনো টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী মো. আবুল হাশেম। সুপ্রিম কোর্টের আইনজীবীর পোশাক পরা তার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো বলেও দাবি করছেন তিনি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আটজন আইনজীবীর পক্ষে মো. সোলায়মান তুষার ইমেইলের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার ও দুদকের চেয়ারম্যানকে এই আইনি নোটিস পাঠান।

নোটিসদাতা অন্য আইনজীবীরা হলেন মাহদী জামান, বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, লোকমান হাকিম, আবদুল লতিফ, খায়রুল বাশার ও মো. কাউসার।

আইনজীবী সোলায়মান বলেন, "নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে রিট আবেদনসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

নোটিসে বলা হয়, “ফুলবাড়িয়ার সিটি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও আদি বাংলা গার্মেন্টসের মালিক কে এম সোহেল আইনসম্মত পথ ছাড়া অন্য কোনো উপায়ে নিজের বা তার সমিতির পক্ষে রায় আদায়ের জন্য আবুল হাশেমকে অর্থ দিয়েছিলেন। 

“তিনি নিজের এই কাজের জন্য সরাসরি দায়ী, যা ১৮৬০ সালের দণ্ডবিধি, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের অধীনে একটি ফৌজদারি অপরাধ। তাই তার বিরুদ্ধে মামলা করা বিবাদীদের আইনি দায়িত্ব।”

 অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার হাশেমের  

ব্যবসায়ী কে এম সোহেল অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের বিচারক ‘ম্যানেজ করা’ এবং রায় পক্ষে আনার কথা বলে আবুল হাশেম তার কাছ থেকে ৫ কোটি ২১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

তবে এই অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান তুলে ধরেন আবুল হাশেম।

জজ কোর্টের এই আইনজীবী বলেন, "আমি হাই কোর্টে সরকারি চাকরি করতাম। ২০২২ সালে স্বেচ্ছায় অবসরে যাওয়ার পর আমি ঢাকা বারের সনদ পেয়েছি। কিন্তু আমি হাই কোর্টে কোনো ব্যান্ড পরি নাই। যেটা করছে সেটা এআই দিয়ে করা হয়েছে। এটা টোটাল এআই করা ছবি।"

বিচারপতির নাম ভাঙিয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে হাশেম বলেন, "আমি হাই কোর্টে কোনো মামলায় ফাইলিং লইয়ার ছিলাম না এবং কোনো মামলার তদবিরও করি নাই। মার্কেটে আমার আত্মীয়স্বজনের দোকান ছিল, সেই হিসেবে আমি পরামর্শক ছিলাম। বাট বিচারপতির নাম বেচা, ঘুষ দেওয়ার যে কথা বলছে- তা মিথ্যা। আমি তার কাছ থেকে কোনো টাকাই নিই নাই।"

উল্টো ওই ব্যবসায়ীর কাছে টাকা পাওয়ার দাবি করে তিনি বলেন, "উনি মার্কেটের লোকজনের কাছ থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা নিয়েছে আমাকে দেওয়ার কথা বলে। আমার থেকে নিয়েছে ৪০ লাখ টাকা। 

“আমার ৪০ লাখ টাকা মারার পরে তিনি আমাকে বলে, মার্কেট থেকে আরও ৫ কোটি টাকা আদায় করে দেন। আমি বলেছি, প্রশ্নই আসে না। এমনকি তার একটা ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি ঢোকাতে বলেছিল আমাকে, আমি রাজি হইনি। এটাই তার জেদ।"

ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে ‘রায় চুরির’ গুরুতর অভিযোগ তুলে আবুল হাশেম বলেন, "বিকাল ৫টার পরে জজ সাহেবের চেম্বারের রুম খুলিয়ে দুই মুহুরীর (নাম প্রকাশ করা হলো না) মাধ্যমে জাজমেন্ট চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরায় আমরা দেখেছি জাজমেন্ট কেমনে চুরি করেছে। এই লোকটা বাটপার। তার বিরুদ্ধে মুগদা ও মিরপুর থানায় মার্ডার কেসসহ একাধিক মামলা আছে, সে জেলও খেটেছে।" 

এ সময় আবুল হাশেমের পক্ষে কথা বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউনুস আলী আকন্দ। 

তিনি বলেন, "আবুল হাশেম সুপ্রিম কোর্টের আইনজীবী নন, তিনি জজ কোর্টের ঢাকা বারের নিয়মিত সদস্য। আসল ঘটনা হলো, তিনি অবসরের টাকা থেকে ৪০ লাখ টাকা চেক মারফত দিয়েছিলেন। সেই টাকা না পাওয়ায় তিনি একটি চেকের মামলা করেন, যে মামলার আসামি এই অভিযোগকারী। এর জের ধরেই তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন।"