২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুই দিন ৭ ঘণ্টা করে কারফিউ শিথিল

এই দুই দিন চট্টগ্রাম ও সিলেটে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2024, 09:51 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা থামাতে জারি করা কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, “ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।” 

এছাড়া এই দুই দিন চট্টগ্রাম ও সিলেটে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।  

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকায় কারফিউ ক্রমান্বয়ে শিথিল করা হবে বলে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বাসায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।

কোটা সংস্কারের আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিলে সরকার সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। একই সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সারাদেশে মাঠে নামে সেনাবাহিনী।

এরপর প্রতিদিনই কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়। ধাপে ধাপে বাড়ে শিথিলের সময়ও।

শনি ও রোববার বিকাল ৩টা থেকে ৫টা শিথিল থাকে কারফিউ। 

সোমবার আরো শিথিলের সময় একঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত করার কথা ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এরপর মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে।