২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে জমায়েত: এসেছিল সব বয়সিরা

“আমরা সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ দেখতে চাই।”

শহীদ মিনারে জমায়েত: এসেছিল সব বয়সিরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিল কর্মসূচির মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় হাজারো মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 09:36 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

দুই শিশু সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে শহীদ মিনারে আসেন ঢাকার শহীদবাগের বাসিন্দা। মায়ের হাত ধরে বনশ্রী থেকে আসে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আব্দুল্লাহ আল ফারাজ। দেখা যায় শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সি মানুষকে।

এই চিত্র শনিবারের, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির মধ্যে ঢাকার বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ জড়ো হয় সেখানে। 

এ দিন দুপুরের পর থেকে শহীদ মিনার ঘিরে জমায়েত শুরু হয়। বেলা সাড়ে ৩টা থেকে পুরো এলাকাটি স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে। 

আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি জানাতে সেইসব স্লোগানে সুর মেলাতে দেখা যায় উপস্থিত জনতাকে। সন্ধ্যা ছাড়ে ৬টা পর্যন্ত ছিল এমন পরিস্থিতি।

ঢাকার শহীদবাগের বাসিন্দা, যিনি দুই শিশু সন্তান, স্ত্রী ও শ্বাশুড়িকে নিয়ে শহীদ মিনারে আসেন, পেশায় ব্যবসায়ী এই ব্যক্তি তার পরিচয় প্রকাশ করতে চাননি। 

তবে সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে। এ ব্যবসায়ী বলেন, “আমার ভাইয়েরা রক্ত দিয়েছে। আজ আমার মনে হয়েছে, যদি এখানে না আসি তাহলে আমার ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। 

“আমার ভাইয়েরা, আমার ছেলেরা কী কারণে রক্ত দিল? তাদের দাবির সঙ্গে সমর্থন জানাতে পুরো পরিবারকে নিয়ে এখানে এসেছি। আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের কর্মসূচিতেও আমাদের সমর্থন থাকবে।”

পরিবারটির সদস্যরা যখন বাসায় ফেরার জন্য রিকশায় উঠছিলেন, তখন কথা হয় এই ব্যবাসয়ীর শাশুড়ির সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি বলেন, "পুরো পরিবার আমরা এখানে এসেছি। ছাত্রদের দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে গেলাম।"

ঢাকার ইস্কাটন থেকে বাবা-মায়ের হাত ধরে শহীদ মিনার এলাকায় এসেছে মাস্টারমাইন্ড স্কুলের ‘এ’ লেভেলের এক পরীক্ষার্থী। কথা হল তার বাবা-মায়ের সঙ্গে। 

এই শিক্ষার্থীর মা বলেন, “ছেলে এখানে আসতে চেয়েছে, তাই তাকে সঙ্গে নিয়েই রিকশায় করে চলে এসেছি। শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। 

“আমরা বহির্বিশ্বের সকল শক্তির থাবা থেকে বাংলাদেশকে মুক্ত দেখতে চাই। আমরা সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ দেখতে চাই।”

ঢাকার রামপুরা এলাকা থেকে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে আসেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কথা হলে তিনি বলেন, “শেখ হাসিনা নিজেই বুঝতে পারছেন না, তিনি কী অপরাধ করেছেন। আমরা আর কোনো কথা শুনতে চাই না, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই।”

গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষিকা আসেন স্বামী-পুত্র-কন্যাদের সঙ্গে নিয়ে। তিনিও বললেন একদফার কথা। 

আর নয় ৯ দফা, এখন সরকার পতনের 'এক দফা': সমাবেশে ঘোষণা

মাঠে নামছে আওয়ামী লীগ, সারা দেশে জমায়েতের ডাক

এই শিক্ষিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখন একদফা, অন্য কিছু চাওয়ার নাই। আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিবেকের তাড়নায় সবাইকে নিয়ে ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা জানাতে এখানে এসেছি।”

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে দুই ছোট ভাই ও এক বন্ধুকে নিয়ে শহীদ মিনারে এসেছেন ঢাবির ভূগোল বিভাগের এক শিক্ষার্থী। তিনি বলেন, "আমাদের এক দাবি, আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই।"

"চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার" লেখা ও লাল-সবুজে ছবি আঁকা পোস্টার হাতে অনেকের সঙ্গে ছুবি তুলছিল আব্দুল্লাহ আল ফারাজ নামে এক শিশু। বনশ্রী থেকে মায়ের হাত ধরে শহীদ মিনারে আসে দ্বিতীয় শ্রেণিতে পুড়ুয়া এই শিশু।

ফারাজের মা বলেন, “সে আসার জন্য সকাল থেকে পাগল হয়ে ছিল। তাই তাকে নিয়ে চলে এসেছি।”

বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে শিক্ষার্থীদের দলে দলে শহীদ মিনার ছেড়ে যেতে দেখা যায়। 

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলা, 'গুলিবিদ্ধ ৭'

তবে তখনও সেখানে বন্ধুরের সঙ্গে গিটার বাজিয়ে গান গাইছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিউল ইসলাম। ‘মুক্তির মন্দির সোপান তলে..., তীর হারা এই ঢেউয়ের সাগর...’ এমন সব গান গাইছিলেন তিনি। রাফিউলের সঙ্গে গলা মেলাচ্ছিলেন তার বন্ধুরাও।

বিকাল থেকে শহীদ মিনারে ব্যাপক জমায়েতে বেচা-বিক্রিও বেশ হয়েছে হবিগঞ্জ থেকে ঢাকায় আসা হকার রানার। 

তিনি বলেন, অন্য দিন দেড়-দুই হাজার টাকার বেঁচাকেনা হলেও আজ (বৃহস্পতিবার) ২-৩ ঘণ্টাতেই চার-পাঁচ হাজার টাকার বেঁচাকেনা হয়েছে।