ডেঙ্গু: বছরে একদিনে সর্বোচ্চ ১৩৮৯ রোগী ভর্তি
ভর্তি রোগীদের মধ্যে গত একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি রোগীর এ সংখ্যা এ বছর একদিনে সর্বোচ্চ।
এর আগে গত ৫ নভেম্বর সারাদেশে একদিনে ১৩৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত গত একদিনে ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১৫ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭৬ জন, ঢাকা বিভাগে ৩৯১ জন, ময়মনসিংহে ৪৪ জন, চট্টগ্রামে ১৭২ জন, খুলনায় ১৫৯ জন, রাজশাহী বিভাগে ৯৬ জন, রংপুর বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ১২৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ৫৩৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬৬৯ জন; আর ২৩৬৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৪ হাজার ৯৭৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪২ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
নভেম্বরের প্রথম ১৭ দিনে ১৮ হাজার ১৬৭ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১০০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
