২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা করি ২৮ অক্টোবর কোনো কিছু ঘটবে না: হারুন

“ঢাকায় আমাদের চেকপোস্ট চলবে, অভিযান চলবে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের রুটি কাজও চলমান থাকবে।”

আশা করি ২৮ অক্টোবর কোনো কিছু ঘটবে না: হারুন

সংবাদ সম্মেলনে কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 02:47 PM

Updated : 22 Oct 2023, 02:47 PM

আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে উত্তেজনা থাকলেও সেদিন ‘কোনো কিছুই ঘটবে না’ বলে আশা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। সেদিন কোনো ধরনের নাশকতার আশঙ্কা ‘করছে না’ বলেও জানিয়েছেন তিনি।

ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশের গ্রেপ্তার অভিযান ও তল্লাশির বিষয়ে তিনি বলেন, “এটা পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে।”

আওয়ামী লীগ ও বিএনপির একই দিন পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে এক প্রশ্নে ডিবি কর্মকর্তা হারুন বলেন, “অতীতে বড়বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আগামী ২৮ অক্টোবর কোনো নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি কোনোকিছু ঘটবে না।”

২৮ অক্টোবর নিয়ে উত্তেজনা কেন

সরকার পতনের ‘এক দফার চূড়ান্ত আন্দোলনে’ আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জমায়েত হতে চায় বিএনপি। সেদিন থেকে আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরুর ঘোষণা আছে দলটির।

আওয়ামী লীগও একই দিন রাজধানীতে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেদিন আসলে ‘মহাযাত্রা’ শুরু হবে তাদের। বিএনপির কর্মসূচি ২০২২ সালের ১০ ডিসেম্বরের মতো ‘অশ্বডিম্ব’ হবে।

বিএনপি সমাবেশটি করতে চায় নয়াপল্টনে। এ জন্য শনিবার দলের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। তবে ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

২০২২ সালের ১০ ডিসেম্বর এভাবে ঢাকায় বিভাগীয় সমাবেশ করার দিনও তারা নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় অনেক ঘটনাপ্রবাহের পর সেটি হয়েছিল ঢাকার এক প্রান্তে সায়েদাবাদের গোলাপবাগে।

চেকপোস্ট কেন?

ঢাকায় প্রতিদিন অনেক ‘বহিরাগত’ এসে নানা অপরাধ করে জানিয়ে হারুন অর রশীদ বলেন, “রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে। সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য চেকপোস্ট বসানো হয়।

“এটা পুলিশের রুটিন কাজ। এটা পুলিশ সব সময় করে। অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে‌, অপরাধ কমে আসছে।”

তিনি বলেন, “ডিএমপি কমিশনারের অনুমোদিত সমাবেশে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা আশ্বস্ত করতে চাই, ঢাকায় আমাদের চেকপোস্ট চলবে, অভিযান চলবে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের রুটি কাজও চলমান থাকবে।”

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে আসেন ডিবি প্রধান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সমাবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন।