Published : 05 May 2026, 01:55 PM
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপির জয়ে ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক বাধাগ্রস্ত হবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
পশ্চিমবঙ্গের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘সুন্দর সহযোগিতামূলক’ থাকবে বলেই তার বিশ্বাস।
সচিবালয়ে মঙ্গলবার তিনি বলেন, “আমরা যেটা বলতে চাই, ভারত পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে তার যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আমাদের যে ইন্টারেকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না।”
বাংলাদেশের লাগোয়া রাজ্যটিতে টানা দেড় দশক ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি। ২৯৩ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়ে প্রথমবারের মত পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি; আর মাত্র ৮০টি আসনে জিতে ভরাডুবির মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সংগ্রেসকে।
এই নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ বা বিবৃতি আছে কী না এদিন জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে।
তিনি বলেন, “এটা (পশ্চিবঙ্গের নির্বাচন) নিয়ে কোনো অবজারভেশন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যারা জিতবেন, যেই জিতুক প্রথম কথাটা হচ্ছে আমরা আসলে পশ্চিমবঙ্গের সঙ্গেও খুব বেশি আলাদা করে চিন্তা করতে চাই না। যেমন ধরুন, আমাদের তিস্তা চুক্তি একসময় পশ্চিমবঙ্গকে আলাপে আনার চেষ্টা করা হয়েছে। দুটো রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয় আসলে এটা দুটো রাষ্ট্রের চুক্তি হবে।
“তবে ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে…হ্যাঁ আমরা যেহেতু আমাদের একদম প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে লম্বা সীমান্ত রাজ্যের সাথে আমাদের এই সম্পর্ক ইন্টারকশন এটা কনটিনিউ করবে।”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “এটা নিয়ে আসলে হয়ত প্রশ্নটা এই কারণে আসে যে, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়েছে বাংলাদেশকে নিয়ে নানা বক্তব্য দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো সব এক ধরনের পলিটিক্যাল রেটোরিক।”
সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলন হয়।
সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গের ভোটের মানচিত্রে 'বাংলাদেশ ফ্যাক্টর'