Published : 07 Jul 2025, 02:34 PM
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সাংবাদিক শামিম আহমদ আর নেই।
সোমবার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ডিআরইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে; তার বয়স হয়েছিল ৬৮ বছর।
শামিম আহমদের ছোট ভাই ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য রাশেদ আহমেদ মিতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনার জানাজা বাদ আসর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।"
সাংবাদিক শামিম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টারের হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিআরইউ ও কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
এক সময় বার্তা সংস্থা ইউএনবিতে প্রধান প্রতিবেদক ও সিটি এডিটর হিসেবে কাজ করেছেন শামিম আহমদ।
পরিবারে শামিম আহমদ তার মা, চার ভাই, তিনবোন এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
শামিম আহমদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শোক জানিয়েছেন।