লেফটেন্যান্ট তানজিমের স্মৃতি রক্ষায় টাঙ্গাইলে ‘কিছু’ করা হবে: নাহিদ
“তানজিম ছারোয়ার তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন,” বলেন তথ্য উপদেষ্টা।
কক্সবাজারে অভিযানে গিয়ে প্রাণ হারানো সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের স্মৃতি ধরে রাখতে তার জন্মস্থান টাঙ্গাইলে রাষ্ট্রীয়ভাবে ‘কিছু’ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এই হত্যায় জড়িতদের ‘কঠোরতম’ শাস্তির আশ্বাস দিয়ে তিনি ছয়জনকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে লেফটেন্যান্ট তানজিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমকর্মীদের এ কথা বলেন উপদেষ্টা।
নাহিদ বলেন, “পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এর সাথে আরো কিছু আছে কি না সেটি তদন্তের আগে বলা যাচ্ছে না। তবে এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের বিচার হবে।''
তানজিমের বাবা সারোয়ার জাহান দেলোয়ার, মা, বোন ও ভাগ্নিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করে উপদেষ্টা বলেন, “তানজিম ছারোয়ার তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হিসেবে বেঁচে থাকবেন।”
সোমবার রাত ৩টার দিকে ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে তানজিমের মৃত্যুর তথ্য জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তরফ থেকে।
আইএসপিআর বলেছে, পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবরে ঘণ্টা খানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান।
অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন তানজিম। ডাকাতরা তার ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা নাহিদ বলেন, “তার এ অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের জানমাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
জুলাই অভ্যুত্থানে তরুণ সেনা কর্মকর্তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন মন্তব্য করে উপদেষ্টা বলেন, “তারা নিরীহ ছাত্র জনতার ওপর গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং সেই দায়িত্বের জায়গা থেকে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশরক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার কাজও তারা করছেন।”
অন্য এক প্রশ্নে উপদেষ্টা নাহিদ বলেন, সারাদেশের সব অবৈধ অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে এগুলো পুনরুদ্ধার হবে।
“যত বাধা বিপত্তি থাকুক না কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে যাতে জননিরাপত্তা নিশ্চিত হয় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে।”
‘সাফওয়ানের আত্মত্যাগ বিফলে যাবে না’
সরকার পতনের দিন ৫ অগাস্ট সাভার থানার কাছে গুলিতে প্রাণ হারানো সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান আখতারের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা।
তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সাক্ষাতে সাফওয়ানের বাবা আখতারুজ্জামান লিটন ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
নাহিদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “শহীদদের স্মৃতিকে ধরে রাখতে হবে। তাদের মর্যাদা দিতে হবে, শত বছর পরেও যেন এই বিপ্লবের বীরদের কথা স্মরণ করে সমাজ বিপ্লবের অনুপ্রেরণা পায়।”
সাফওয়ানের বাবা বলেন, “ছাত্র জনতার নেতৃত্বে যে দেশ হয়েছে সেটা যেন নতুন বাংলাদেশ হয়। আমাদের যেন পিছনে ফিরে যেতে না হয়। আমার ছেলের মত কেউ যেন পুলিশের গুলিতে শহীদ না হয়।”
