২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: এমএফসি

দুই সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে ‘প্রেস ক্লাব, কলকাতা’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এ জোটের সদস্য রাষ্ট্রগুলো।

বিবৃতিতে বলা হয়, “গত রাতে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। 

“এ ধরনের সংঘাত ও ভীতি প্রদর্শন অগ্রহণযোগ্য এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের উপর আঘাত।”

এমএফসি বলেছে, “সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের  জবাবদিহির আওতায় আনতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের ভয়হীন থেকে কাজ করার সুযোগ অবশ্যই থাকতে হবে।

“আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে এবং উন্মুক্ত ও তথ্য সমৃদ্ধ সমাজের জন্য তাদের সুরক্ষা অপরিহার্য।”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপী কাজ করা ৫১ দেশের জোট মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। 

২০১৯ সালে কানাডায় প্রতিষ্ঠিত এই মোর্চার বর্তমান কো-চেয়ার জার্মানি এবং ফিনল্যান্ড।

বাংলাদেশে দূতাবাস থাকা কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য এই যৌথ বিবৃতি দিয়েছে।

এদিকে দুই সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে ‘প্রেস ক্লাব, কলকাতা’।

শুক্রবার সংগঠনের বিবৃতিতে বলা হয়, “ঢাকায় একাধিক সংবাদ প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

বাংলাদেশের সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানোনো হয় বিবৃতিতে।