‘স্বৈরাচার সরকার’ প্রথমেই ধ্বংস করেছে নির্বাচনব্যবস্থা: তারেক
“রাষ্ট্র মেরামতে যে সংস্কার প্রয়োজন, সেটা সবার আগে আমরাই বলেছিলাম।”
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সবার আগে দেশের নির্বাচনব্যবস্থা ‘ধ্বংস করেছিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাজধানীর পুরানা পল্টনে জাতীয়তাবাদী সমমনা দলের ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম, একসঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলাম, সেসব দল বসে আলোচনা করে প্রায় দুই-আড়াই বছর আগে জাতির সামনে তুলে ধরেছিলাম ৩১ দফা।
“কেন তুলে ধরেছিলাম ৩১ দফা? কারণ একটাই- আমরা দেখেছিলাম পলাতক যে স্বৈরাচার সরকার, তারা কীভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল।”
তারেক বলেন, “সবার প্রথমেই যেটি ধ্বংস করেছিল, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা।”
২০১০ সালে যুক্তরাজ্যের নির্বাচনের সময়কার একটি টক শোর প্রসঙ্গ টেনে বলেন, সেখানে তিনটি রাজনৈতিক দলের আলোচনার বিষয়বস্ত ছিল, রোগীর কাছে অ্যাম্বুলেন্স কোন রাজনৈতিক দল দ্রুত নিয়ে যেতে পারবে, তা নিয়ে।
“জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে। জনগণের বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই চিন্তাভাবনা করা উচিত।”
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আমাদের রাজনীতির বড় পুঁজি হচ্ছে দেশের জনগণ। কাজেই এ রাষ্ট্রের কাঠামো যদি আমরা মেরামত না করি, তাহলে দেশের মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না; মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে পারব না।”
তারেক বলেন, “আজকে অনেক ব্যক্তি সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, দেশের রাষ্ট্রকাঠামোর যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র মেরামতে যে সংস্কার প্রয়োজন, এটা সবার আগে আমরাই বলেছিলাম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা দলের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ। এতে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, মাহাদী আমিন, জামায়াতে ইসলামীর কামাল হোসেন, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ও সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম বক্তব্য দেন।
বক্তব্য দেন জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাগপার খন্দকার লুৎফুর রহমান, গণঅধিকারের ফারুক হাসান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, মুসলিম লীগের নাসিম খান ও ডিএলের খোকন চন্দ্র দাশও।
এসএম//এআর
