Published : 05 Sep 2025, 06:03 PM
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে ‘প্রতারণার’ বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়।
গত কয়েকদিন ধরে এ ‘প্রতারণা চেষ্টার’ বিষয়টি আসার তথ্য জানানো হয়েছে শুক্রবারের তথ্য বিবরণীতে।
গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে ০১৮৫১-২৭৪৫৬৫ নম্বর থেকে প্রতারণার চেষ্টা করছে, যা মন্ত্রণালয়ের সচিবের ব্যবহৃত মোবাইল নম্বর নয়।
চক্রটি সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনার ‘প্রলোভন দেখিয়ে’ কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছে, যা সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও বানোয়াট’।
ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ অন্য যেকোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে তা না দেওয়ার অনুরোধ করেছে মন্ত্রণালয়।
তথ্য বিবরণীতে ওই নম্বর ছাড়াও ভিন্ন কোনো নম্বর থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি এ ধরনের কোনো কল এলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে।