Published : 16 Oct 2025, 10:04 PM
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের এক বেঞ্চ সহকারীর মৃত্যুর ঘটনায় ‘ চিকিৎসায় অবহেলার’ অভিযোগ এনে পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালের চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইখতিয়ার রহমান নামের ওই বেঞ্চ সহকারীর স্ত্রী শারমিন আফরোজ লাবনী ঢাকার মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন।
বিচারক রৌনক জাহান তকি বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি গেন্ডারিয়া থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন-আসগর আলী হাসপাতালের ‘হেড অব অপারেশন’ এ কে এম মোরশেদ আহমেদ চৌধুরী, চিকিৎসক মো. মতিউর ইসলাম, আইসিইউ সংশ্লিষ্ট চিকিৎসক, ‘অ্যাডমিশন ডেস্কের’ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, ‘বিল সেকশনের’ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট ‘কাস্টমার ম্যানেজার’।
এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইখতিয়ার রহমানকে শরীরে জ্বর নিয়ে গেল ৫ অক্টোবর রাত ২টার দিকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলায়’ ৬ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি।
অভিযোগে বলা হয়েছে, ‘প্রতারণ‘ করে এবং ‘সঠিক’ চিকিৎসা না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ‘অতিরিক্ত’ বিল পরিশোধে বাধ্য করা হয়েছে। আইসিইউতে রোগী ভর্তি করে ‘কৌশলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা’ করা হয়েছে। ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু হয়েছে।