বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
“শুধু ভাষার ক্ষেত্রে নয়, সংস্কৃতির ক্ষেত্রেও বাংলা একাডেমির গুরুত্ব সমান সত্য।”
একক বক্তৃতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বাংলা একাডেমি।
বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি শুরু হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঢাকায় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউজে একাডেমির প্রধান কার্যালয় স্থাপন করা হয়। পরে নতুন ভবনে স্থানান্তরিত হয় প্রশাসনিক ভবন। বর্ধমান হাউজে প্রতিষ্ঠা করা হয়েছে ভাষা আন্দোলন জাদুঘর।
১৯৫৭ সালের এপ্রিলে ‘দ্য বেঙ্গলি একাডেমি অ্যাক্ট ১৯৫৭’ অনুযায়ী বাংলা একাডেমিকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়।
বুধবার একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতায় সাহিত্যিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, শুধু ভাষার ক্ষেত্রে নয়, সংস্কৃতির ক্ষেত্রেও বাংলা একাডেমির গুরুত্ব সমান সত্য।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বাংলা একাডেমিকে প্রযুক্তিতে বাংলা ভাষার লাগসই ব্যবহারের বিষয়ে যেমন ভাবতে হবে, তেমনি বাংলা ভাষার আদিরূপের মাধুর্য উত্তর প্রজন্মের কাছে তুলে ধরতে সাধু ভাষার একটি বার্ষিক সাময়িকপত্র প্রকাশের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
ভবিষ্যতে বাংলা একাডেমি মানবিক বুদ্ধিদীপ্ত সমাজ নির্মাণের পাটাতন তৈরিতে সাহসী ভূমিকা পালন করে যাবে বলে আশা প্রকাশ করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, নানা সীমাবদ্ধতার পাশাপাশি ৭০ বছরে বাংলা একাডেমির সঞ্চয় সামান্য নয়।
"এটা সত্য যে বাংলা একাডেমিতে বিভিন্ন সময় কায়েমি স্বার্থবাদী শক্তি ও রাজনৈতিক গোষ্ঠী তাদের অপপ্রভাব বিস্তার করতে চেয়েছে।"
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কাজী রুমানা আহমেদ সোমা।
