২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী সেলিম ডিগ্রি কলেজ ফিরল আগের নামে

২০১৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে হাজী সেলিম ডিগ্রি কলেজ রাখা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ঢাকার লালবাগের হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে পুরনো ‘মেট্রোপলিস কলেজ’ নাম বহাল রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাড়ে তিন দশক পুরনো এ কলেজটির নাম বদলে গিয়েছিল নয় বছর আগে। ২০১৬ সালে সেটির নাম দেওয়া হয়েছিল পুরান ঢাকার সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের নামে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেটের ১৬৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করায় কলেজটির নাম মেট্রোপলিস কলেজ করা হয়েছে। আমরা নাম পরিবর্তনের আদেশ জারি করে তা কলেজটির অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের পাঠিয়েছি।”

কলেজটির ওয়েবসাইটের তথ্য বলছে, ১৯৯০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ডিগ্রি কলেজের স্বীকৃতি এবং ভর্তির অনুমোদন পায় মেট্রোপলিস কলেজ। ঢাকা আইডিয়াল কলেজের রসায়নের অধ্যাপক আ ফ ম আজিজ উল হক সেটি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৯৪ সালে বেসরকারি কলেজটি এমপিওভুক্ত হয়।

আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৫ সালের ২০ এপ্রিল মেট্রোপলিস কলেজের দ্বিতীয় অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন হাজী সেলিম। এরপর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নাম পরিবর্তন করে হাজী সেলিম ডিগ্রি কলেজ রাখা হয়।

চব্বিশের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে বদলের ধারাবাহিকতায় হাজী সেলিম ডিগ্রি কলেজও আগের নামে ফিরল।

ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাতে ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।