চানখাঁরপুলে হত্যা মামলার রায় পুনর্বিবেচনার দাবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।
চব্বিশের আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পুনর্বিবেচনা চেয়ে স্মারকলিপি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ স্মারকলিপি পাঠান ২০২৪ সালের অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের আট সদস্য।
তবে আইনজীবীরা বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের সুযোগ থাকলেও পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।
স্মারকলিপিতে আন্দোলনে শহীদ মীর মুগ্ধ’র বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্তসহ আট শহীদের পরিবারের সদস্যরা সই করেন।
চানখাঁরপুলে ছয় হত্যার মামলায় সোমবার রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ে পুলিশ সদস্য আট আসামির মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড হয়।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ মামলার আট আসামির মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড; শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড এবং ওই থানার তিন পুলিশ কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নারকীয় সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তারা ইতিহাসে শহীদ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
“কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারসংক্রান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে নিয়েছে শহীদ পরিবার।”
অসন্তোষের কারণ হিসেবে স্মারকলিপিতে চারটি বিষয় তুলে ধরা হয়। সেগুলো হল-
>> সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরও রায়ে তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তাই এটা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে এ রায় আইনগতভাবে সংগত নয়।
>> মূল অিপরাধীদের অপর্যাপ্ত শাস্তি না দিয়ে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়ায় ভবিষ্যতে এ রায় টিকবে কি না সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
>> রায়টি সম্পূর্ণরূপে জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থি। এর ফলে ‘১৪০০ শহীদ পরিবারের সদস্যরা’ চরমভাবে মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।
>> এ রায় ভবিষ্যতে একটি নেতিবাচক নজির হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে।
রায় পুনর্বিবেচনার বিষয়ে দণ্ডিত কনস্টেবল ইমাজ হোসেনের আইনজীবী জিয়াউর রশিদ টিপু বলেন, আপিল বিভাগে আপিল করার সুযোগ আছে। কিন্তু ট্রাইব্যুনাল আইনে রিভিউয়ের (পুনর্বিবেচনা) কোনো সুযোগ নেই।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, “আপিলের ব্যবস্থা আছে, কিন্তু রিভিউ করা যাবে না। আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি।”
রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রয়েছে।
