২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার প্রস্তাব জাতীয় আইনজীবী সমিতির

মোট ১৭ দফা প্রস্তাব দিয়েছে তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:36 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

দেশের সব আদালত অঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত রাখার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনকে দিয়েছে জাতীয় আইনজীবী সমিতি।

রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনের সঙ্গে বৈঠকে আইনজীবী নেতারা এ প্রস্তাব দেন। 

জাতীয় আইনজীবী সমিতির সভাপতি শাহ মো. খসরুজ্জামান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় নিম্ন আদালত, সুপ্রিম কোর্ট চত্বর, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এলাকায় দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণাসহ ১৭ দফা প্রস্তাব দিয়েছেন দারা।

এ ছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনের সংশোধনী আনা, হাই কোর্টে যেকোনো মামলা শুনানি শুরুর ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করা, আংশিক শ্রুত মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তি করা এবং কোনো মামলার রায়ের তারিখ থেকে এক মাসের মধ্যে বিচারপতির স্বাক্ষর করে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর বিষয় তারা প্রস্তাব রাখেন।  

হাই কোর্টের কোনো বেঞ্চ পরিবর্তন হলেও তার কজলিস্ট আগের মতো ঠিক রাখার প্রস্তাবও করেন তারা। 

প্রস্তাবে বলা হয়, কমিশন জ্যেষ্ঠতা লঙ্ঘন না করে আপিল বিভাগের বিচারপতিদের থেকে প্রধান বিচারপতি পদের জন্য নাম সুপারিশ করবে; জ্যেষ্ঠতা লঙ্ঘন না করে আপিল বিভাগের বিচারক নিয়োগের জন্য হাই কোর্ট বিভাগের বিচারকদের থেকে নাম সুপারিশ করবে। 

এ ছাড়া নিম্ন ও উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের নিষ্পত্তিকৃত মামলার রায়ভিত্তিক প্রণোদনা প্রদানের ব্যবস্থা করা; গ্রাম আদালতে জেলা জজের নিয়মিত পরিদর্শনের বিধান করা এবং সরকারি ট্রেজারিতে জমা হওয়া কোর্ট ফির ৫ শতাংশ বাংলাদেশ বার কাউন্সিল বেনিভোলেন্ট ফান্ডে প্রদানের ব্যবস্থা করার কথাও প্রস্তাবে রয়েছে।  

সভায় সমিতির সমিতির সহ-সভাপতি আ. রব হাওলাদার, মো. শামসুল হক, মো. আশরাফুজ্জামান, ডেপুর্টি সেক্রেটারি মো. শাহেদ আলী জিন্নাহ, ফয়জুর রহমান শাহীন চৌধুরী, শেখ রেজাউল করিম, জোবায়দা পারভিন, আব্দুছ ছবুর দেওয়ান উপস্থিত ছিলেন। 

বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম নাঈম মোমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশন সদস্য হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সাবেক জেলা ও দায়রা জজ সাইয়েদ আমিনুল ইসলামসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।