সেন্ট মার্টিনের কুকুরের পাশে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’
কক্সবাজারে অসুস্থ ঘোড়াগুলোর চিকিৎসা ও খাবারও দেবে সংগঠনটি।
সেন্ট মার্টিনের অভুক্ত কুকুরগুলোকে সুষম খাবার সরবরাহ করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বুধবার সংগঠনটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল সেন্ট মার্টিন গিয়ে প্রাণীগুলোকে খাবার দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচির ধারাবাহিকতায় এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজারে অসুস্থ ঘোড়াগুলোর চিকিৎসা ও খাবার দেবে সংগঠনটি। এ কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক দলও অংশ নিচ্ছে।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, প্রথম ধাপে এক সপ্তাহ এই কর্মসূচি চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রমটি আরও বড় করা হবে।
সেন্ট মার্টিন দ্বীপে কুকুরদের জন্য খাদ্য বিতরণকালে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ, সদস্য ইমরান রাশেদ সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম, মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান উপস্থিত ছিলেন।
