এসআই নিয়োগ: অর্থ লেনদেন না করতে পুলিশের সতর্কবার্তা
এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গত ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন নেয় পুলিশ সদর দপ্তর।
এসআই পদে নিয়োগ পেতে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, “এসআই পদে চলমান নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র 'মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে' প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
“নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”
কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া বলেও হুঁশিয়ার করা হয়েছে বার্তায়।
প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা পুলিশ সুপারের কার্যালয়ে জানানোর জন্য অনুরোধ করা করেছে সদর দপ্তর।
এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গত ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদন নেয় পুলিশ সদর দপ্তর।
শারীরিক যোগ্যতায় বাছাইয়ের পর গত ২২ ও ২৩ নভেম্বর সংশ্লিষ্ট রেঞ্জের অধীন নির্ধারিত কেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে এসে 'আর্থিক অনিয়মের' বিষয়ে সতর্ক করল পুলিশ সদর দপ্তর।
