রিমান্ডে ‘অসুস্থ’ সাবেক রেলমন্ত্রীকে নেওয়া হল হাসপাতালে
স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে বিকালে ডিবি কার্যালয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার বিকেলে প্রায় এক ঘণ্টা হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
ঢাকার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে পুলিশি হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, “নুরুল ইসলাম সুজন অসুস্থ বোধ করায় বিকেল ৪ টা ৫০ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
“তিনি ভালো আছেন, পরে বিকাল পৌনে ৬ টার দিকে তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে।”
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে রফিকুল হত্যা মামলায় গত রোববার নূরুল ইসলাম সুজনকে ৫ দিনের রিমান্ডে পায় পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার স্ত্রী হত্যা মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর সকালে যাত্রাবাড়ী থানার আরেক মামলায় সুজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তবে মামলাটিতে হাই কোর্টে জামিন আবেদন থাকায় ওই দিনই রিমান্ড আদেশ বাতিল করা হয়।
সেদিনই রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিচারক শাহীন রেজা গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড আবেদন শুনানির জন্য ২২ সেপ্টেম্বর তারিখ রাখেন।
১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
টানা চারবারের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন ২০১৯ সালে রেলমন্ত্রী হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদের ভোটে জয়ী হলেও মন্ত্রিসভায় জায়গা হয়নি তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র সুজন ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন।
সুজন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করার পর যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হয়েছিলেন।
তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন।
