সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজি মোশাররফ হোছাইন
তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন-সংশ্লিষ্ট একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।
আদেশের প্রায় এক মাস পর অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ মোশাররফ হোছাইন।
সিআইডি সদর দপ্তরে বুধবার সকালে এসে তিনি দায়িত্ব নিয়েছেন বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করেছেন।
দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইয়ে কর্মরত অবস্থায় তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন।
মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএস'র মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন-সংশ্লিষ্ট একাধিক পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম সিআইডি সদর দপ্তর, কুমিল্লা সিআইডি ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে এবং পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর মোশাররফ হোছাইন যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
