Published : 03 Jun 2026, 04:37 PM
কোরবানির ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের বাসায় ঢোকার মুহূর্তে গেইটে দুই নারীর ব্যাগপত্র ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত তাদের তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছে। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান রিমান্ডের তথ্য দিয়েছেন।
রিমান্ড আদেশ পাওয়া দুই আসামি হলেন- জুয়েল ওরফে সোর্স আরিফ ও আনোয়ার হোসেন।
মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রানা রায়।
আসামিদের পক্ষে আইনজীবী মোর্শেদ হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
ঠাকুরগাঁওয়ে ঈদের ছুটি কাটিয়ে গত ৩০ মে রাত ৩টার পর ঢাকায় ফেরেন দুই বোন। রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় বাসার সামনে গেলে চাপাতি দিয়ে আক্রমণের ভয় দেখিয়ে তাদের ব্যাগপত্র, মোবাইল ফোন ও অলংকার ছিনিয়ে নেয় তিনজন।
ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ঘটনায় পরে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়।