১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইউনূস।

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 07:26 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

মিশরে ডি এইট শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে বলা হয়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা।

প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে একাদশ ডি এইট সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি কায়রোতে নতুন প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শনে যান। সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে স্বাগত জানান।

বাসসের খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা ‘গাজা ও লেবাননে মানবিক সংকট এবং পুনর্গঠন চ্যালেঞ্জ’ শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনেও বক্তৃতা করেন।

তিনি সম্মেলনের ফাঁকে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন।

গত বুধবার মালয়েশিয়ার উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী জাম্বরি আব্দুল কাদির ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রো পৌঁছান, ঢাকা ছাড়েন মঙ্গলবার রাতে।