পৃথিবী রক্ষায় ‘থ্রি জিরো ক্লাব’ গড়ার আহ্বান ইউনূসের
তিনি তরুণদের বলেন, “একটি নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে নিজেকে উন্মুক্ত করার ক্ষমতা দেয়।”
পরিবেশ নিধন অব্যাহত থাকায় পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা; যা পৃথিবীকে ধ্বংস করবে।”
শুক্রবার টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছিলেন মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা পৃথিবীকে টিকিয়ে রাখতে তার ‘থ্রি জিরো থিওরি’ বা ‘তিন শূন্য তত্ত্ব’র ভিত্তিতে ক্লাব গড়তে তরুণদের প্রতি আহ্বান জানান। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণই এই তত্ত্বের মোদ্দাকথা।
মুহাম্মদ ইউনূস বলেন, “পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে- জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না।”
নতুন এক বিশ্ব গড়তে তরুণদের সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী বলেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে।
মানুষের উদ্যোক্তা হওয়ার সহজাত ক্ষমতার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “যদি তোমার মধ্যে সৃজনশীলতা না থাকে, তবে তুমি কিছুই নও...প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে।”
উদ্যোক্তা তৈরি করতে সামাজিক ব্যবসায় ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ইউনূস বলেন, “একটি নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে নিজেকে উন্মুক্ত করার ক্ষমতা দেয়।”
বৈশ্বিক সম্পদের সিংহভাগ খুব অল্প কয়েকজনের হাতে থাকাকে ‘অভিশাপ’ বর্ণনা করে তিনি বলেন, এখন সবাই সর্বাধিক মুনাফা করতে চাচ্ছে।
অধ্যাপক ইউনূসের বক্তব্যে বেকারত্বের সমস্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জও উঠে আসে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করার সময় কীভাবে পাশের একটি ছোট গ্রামে ক্ষুদ্রঋণ চালু করেন, সেই যাত্রার গল্পও শোনান দর্শকদের।
অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় তরফে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।
