সেই পুলিশ কর্মকর্তা আলেপ ২ দিনের রিমান্ডে
তাকে কর্মস্থল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন তার স্ত্রী।
ডিবি পরিচয়ে কর্মস্থল থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠা বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার তাকে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমানের আদালতে হাজির করলে শুনানি নিয়ে বিচারক তাকে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
আদালতে আলেপের পাঁচ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আদেশ দেন।
বিসিএস পুলিশের ৩১ ব্যাচের আলেপ উদ্দিন ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাব-১১ তে কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি।
বুধবার তার স্ত্রী ওয়াফা নুসরাতের অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে তার স্বামীকে কর্মস্থল থেকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়া হয় নেওয়া হয়। এরপর থেকে খোঁজ মিলছে না।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আলেপকে তুলে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।
বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক বুধবার রাত ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার একটা মামলার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং কথা বলার জন্য ডেকে নিয়ে গেছে। এখানে তুলে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।"
পরদিন বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার জোবায়ের ওমর খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের খবরের পর জোবায়ের বিজয় মিছিলে যোগ দেন। সেসময় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় মিছিলে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, ককটেল ও গুলি ছোঁড়া হয়। এতে জোবায়ের গুলিবিদ্ধ হন। পরে মিটফোর্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় গত ২২ অগাস্ট জোবায়েরের ভাই ইমরান খান যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন-
