২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেপটাউনে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় নেতাদের বৈঠক

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স উদ্বোধনের আগে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2026, 12:22 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও জোরদারে ‘পার্লামেন্টারি ডিপ্লোমেসি’ বা সংসদীয় কূটনীতির ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংসদীয় নেতারা।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সোমবার বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনের আগে এ দ্বিপক্ষীয় বৈঠক হয় বলে জাতীয় সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কায়সার কামাল বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে দুই দেশ। 

তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপে গুরুত্ব দেন। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন।

বৈঠক শেষে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিককে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান কায়সার কামাল।

পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।