২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিখোঁজের ঘটনাগুলো ‘গুজব’: পুলিশ

“আমরা নগরবাসীকে অনুরোধ করব, কোনো রকম আতঙ্কিত না হয়ে তারা যেন শিশুদের নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যান,” বলেন পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 12:31 AM

Updated : 10 Sep 2026, 12:11 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত তিন দিনে শিশু নিখোঁজের যেসব তথ্য রটেছে, সেগুলো ‘নিছক গুজব’ বলে এ বিষয়ে সবাইকে সতর্ক থেকে স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশ বলছে, গত তিন দিনে ঢাকায় গড়ে ৩০টির বেশি নিখোঁজের জিডি হয়েছে। এটি অস্বাভাবিক পরিসংখ্যান নয়। ঢাকার ক্ষেত্রে সাধারণত জিডির সংখ্যা এমনই থাকে। এ ধরনের আগের ঘটনাগুলোর ক্ষেত্রে ৯০ শতাংশের খোঁজ মিলেছে এক সপ্তাহের মধ্যেই।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

গত ৪, ৫ ও ৬ জুলাই ঢাকা ও চট্টগ্রাম থেকে ৩৫টি শিশু নিখোঁজ হয়েছে- এমন একটি ফেইসবুক পোস্ট শনিবার থেকে ছড়িয়ে পড়েছে।

ইনামুল হক বলছেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। এ ধরনের পোস্ট নিছক গুজব। এতে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে পুলিশ।”

এ বিষয়ে রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ মহিদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের কাছে এটি অত্যন্ত অসত্য ও বিভ্রান্তকর তথ্য মনে হচ্ছে।

পরিপ্রেক্ষিত তুলে ধরে মহিদ উদ্দিন বলেন, গত তিন দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে ৩৫টি শিশু নিখোঁজ হয়েছে- এ ধরনের তথ্য ছড়ানোর পর তারা ডিএমপির পরিসংখ্যান দেখেছেন। সেখানে ৪, ৫ ও ৬ জুলাইয়ের কথা বলা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ডিএমপিতে ৪ থেকে ৬ মের মধ্যে নিখোঁজ-সংক্রান্ত জিডি হয়েছে ৩৩টি। 

তিনি জানাচ্ছেন, আগের মাসে অর্থাৎ জুনের ৪, ৫ ও ৬ তারিখে নিখোঁজের জিডি হয়েছিল ৩৬টি। আর জুলাইয়ের ৪ থেকে ৬ তারিখে নিখোঁজের জিডি হয়েছে ৩২টি। সংখ্যাটি কাছাকাছি। ফলে এ পরিসংখ্যান অস্বাভাবিক কোনো কিছুর ইঙ্গিত দেয় না। 

“আপনারা জেনে রাখেন, এই যে জিডিগুলো হয় মূলত কিছু শিশু হারিয়ে যায়, কিছু উঠতি বয়সি মেয়ে চলে যায়, কিছু মানসিক ভারসাম্য হারানো মানুষ ঘর থেকে বেরিয়ে যান। তবে দেখা যায়, এক সপ্তার মধ্যে ২৭-২৮ জনকে আমরা পেয়ে যাই। 

“এখন এটা কেন সামাজিক মাধ্যমে এভাবে আসছে, সেটা আমাদের বোধগম্য নয়। তবুও আমরা খতিয়ে দেখছি। কোনো গোষ্ঠী ইচ্ছেকৃতভাবে তথ্য বিভ্রাট ঘটিয়ে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে কিনা, তাও আমরা দেখব।”

তিন দিনে ৩২টি বা ৩৬টি জিডির ঘটনা একটু অস্বাভাবিক কি না, জানতে চাইলে মহিদ উদ্দীন বলেন, “এ রকম তো বছরের পর পর হয়ে আসছে। এটি আমাদের সোয়া দুই কোটি মানুষের শহর। এখানে যারা মানসিক ভারসাম্যহীন থাকে, তারা বের হয়ে যান, রাগ করে কেউ ঘর থেকে চলে যান। উঠতি বয়সি কেউ ঘর থেকে চলে যায়। কিন্তু এক সপ্তাহের মধ্যে তাদের ৯০ শতাংশই উদ্ধার হয়ে যায়।” 

ফেইসবুকের তথ্যে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে অভয় দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “আমি বলব, এটি নিয়ে বিন্দুমাত্র আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কিছু হয়ে থাকে সবার আগে পুলিশই টের পাবে। তাই আমরা নগরবাসীকে অনুরোধ করব, কোনো রকম আতঙ্কিত না হয়ে তারা যেন শিশুদের নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যান।”