২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমঝোতায়’ নেওয়া টাকা চাঁদা নয়: মন্ত্রীর বক্তব্যের সমালোচনায় টিআইবি

“সরকারের নির্বাচনি অঙ্গীকার ‘ফাঁকা বুলি’ না হয়ে থাকলে মন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

‘সমঝোতায়’ নেওয়া টাকা চাঁদা নয়: মন্ত্রীর বক্তব্যের সমালোচনায় টিআইবি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

সড়কে যানবাহন থেকে টাকা তোলাকে ‘সমঝোতার’ লেনদেন বলায় পরিবহনমন্ত্রীর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থাটি মনে করে, তার এই মন্তব্য ‘ঘোরতর অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা’। 

দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থাটি শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায়।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে সড়কের চাঁদাবাজি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। 

সড়কে বিভিন্ন যানবাহন থেকে ‘সমঝোতার ভিত্তিতে’ যে টাকা নেওয়া হয়, সেটিকে চাঁদা বলতে চান না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। 

তবে ‘বাধ্য’ করে যে টাকা নেওয়া হয়, সেটিকে চাঁদা আখ্যায়িত করে ‘এরকম চাঁদাবাজির কোনো সুযোগ নেই’ বলে হুঁশিয়ারি দেন তিন। 

মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিজ্ঞপ্তিতে বলেন, “পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন, তা তিনিসহ মন্ত্রিপরিষদের প্রায় প্রতিটি সদস্য দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিবিরোধী যে দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়েছেন, তার সম্পূর্ণ বিপরীত।”

তিনি বলেন, “ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতিহার ও সরকারপ্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকারের ৪৮ ঘণ্টা না পেরোতেই পরিবহন খাতের ‘ক্যান্সার চাঁদাবাজির সুরক্ষাপ্রয়াসী’ মন্তব্য হতাশাজনক।”

ইফতেখারুজ্জামান মনে করেন, মালিক ও শ্রমিক কল্যাণকে বৈধতার অজুহাত হিসেবে দাঁড় করানো ‘বিভ্রান্তিকর’ এবং এটি দীর্ঘদিনের বিশৃঙ্খল ব্যবস্থাকে সুরক্ষা দেওয়ার শামিল।

বিজ্ঞপ্তিতে টিআইবি সতর্ক করে বলে, সড়কে চাঁদাবাজিকে সমঝোতার নামে গ্রহণযোগ্যতা দেওয়া হলে অন্যান্য খাতেও একই যুক্তি প্রয়োগের ঝুঁকি তৈরি হবে।

সংস্থাটি দাবি করে, “সরকারের নির্বাচনি অঙ্গীকার যদি ‘ফাঁকা বুলি’ না হয়ে থাকে, তাহলে পরিবহনমন্ত্রীর বক্তব্য সরকারিভাবে প্রত্যাখ্যান করে যথাযথ প্রক্রিয়ায় তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

আরও পড়ুন

'সমঝোতার ভিত্তিতে' নেওয়া টাকা চাঁদা নয়: সড়ক পরিবহনমন্ত্রী