২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে জরুরি ওষুধ সামগ্রী পাঠাল বাংলাদেশ

বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

যুদ্ধবিধ্বস্ত ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ওষুধ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার ইরান দূতাবাসে এক অনুষ্ঠানে সহায়তা সামগ্রী হস্তান্তর করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির হাতে জরুরি ওষুধ সামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলম। সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য গেল ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য অনুষ্ঠানে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন সচিব নজরুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। তিনি আশা ব্যক্ত করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ‘এই দুঃসময়ে’ ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের নিপীড়িত মানুষের জন্য কাজ করে থাকে। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তায় অংশগ্রহণ সোসাইটির দায়িত্ব।