২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে বিএনপি নেতা হত্যা: বহিষ্কৃত লেদু র‍্যাবের হাতে গ্রেপ্তার

লেদুকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার করা হয়; তিনি হত্যা, মাদক, অস্ত্রসহ ৩৬ মামলার আসামি বলছে র‍্যাব।

আদাবরে বিএনপি নেতা হত্যা: বহিষ্কৃত লেদু র‍্যাবের হাতে গ্রেপ্তার
নিহত আবুল বাশার বাদশাহ। ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 03:40 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ঢাকার আদাবরে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহকে কুপিয়ে হত্যার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

এ নিয়ে এই হত্যার ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করা হল।

র‍্যাব-২ এক বার্তায় জানিয়েছে, বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন জীবন ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। লেদু আদাবর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ছিলেন; সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে দুইবার বহিষ্কার করা হয়।

তাকে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি থেকে গ্রেপ্তার করা হয়; লেদুকে হত্যা, মাদক, অস্ত্রসহ ৩৬ মামলার আসামি বলছে র‍্যাব।

বহিষ্কারের মধ্যেই গেল জুলাই রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলার বিরোধের যে ধরে সালিশ বৈঠকের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ৪৫ বছর বয়সি মো. আবুল বাশার বাদশা ও সভাপতি ৩৫ বছর বয়সি মো. সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।

পরে তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে বাদশার মৃত্যু হয়। এই হত্যার ঘটনায় করা মামলায় লেদু হাসানকেও আসামি করা হয়।

এর আগে আদাবর থানা ও ডিবি মোট ৯ জনকে গ্রেপ্তার করে।

ডিবির হাতে ছয় জন এবং আদাবর থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

ডিবির হাতে গ্রেপ্তাররা হলেন, রিপন (২৭), তার ভাই নিরব (২৫) ও তাদের বাবা মজনু মিয়া (৬০), মো. মিজানুর রহমান (৪০), মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯)। আদাবর থানা পুলিশ সোয়েব হোসেন সোয়াইব, আরমান ও নয়ন নামে তিনজনকে গ্রেপ্তার করে।